রমজান মাসে ছুটি বহাল রাখার জন্য মাউশির কাছে আবেদন শিক্ষাজোটের

পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে লিখিত আবেদন জমা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী।

আবেদনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ২৮ ডিসেম্বর ২০২৬ তারিখে শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে। এতে রমজান মাসে ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জোটের অভিযোগ, রোজা ও রাতে তারাবি নামাজ আদায়ের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিয়মিত শ্রেণিকাজ পরিচালনা করা অত্যন্ত কষ্টকর। তাই রমজান মাসে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।

সাথে তারা উল্লেখ করেছেন, মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১, মে মাসের ২৯ ও ৩০ এবং ডিসেম্বরের ২৫ ও ২৬ তারিখসহ মোট ৮ দিন সাপ্তাহিক ছুটি বার্ষিক ছুটির সঙ্গে গণনা করা হয়েছে, যা যুক্তিসংগত নয়। তাই রোজার মাসে ছুটি বহাল রেখে সাপ্তাহিক ছুটির দিনগুলো বার্ষিক ছুটি থেকে বাদ দিয়ে পুনঃসমন্বয় করার জন্য মহাপরিচালকের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।