রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস) প্রযুক্তি ব্যবহার করে ইনডোর, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় মাছ চাষ প্রকল্প যৌথভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড এবং ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এ্যাসেনটপ্ট অ্যাকুয়া।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক নাসের আহমেদ এবং এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার পক্ষে বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ড. ইয়েনস ওলে ওলেসেন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে সই করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, এ্যাসেনটপ্টের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কোর ম্যানেজিং পার্টনার থমাস সুদারলিন্ড, এ্যাসেনটপ্টের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন মো. ইউসুফ, প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান এবং উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তৌহিদুজ্জামান।
প্রকল্পটি চট্টগ্রাম বিভাগের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল অথবা উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত অন্য কোনো উপযুক্ত স্থানে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। আগামী দুই বছরে দুই থেকে তিন ধাপে প্রকল্পটিতে মোট ৩০ মিলিয়ন ইউরো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
এই প্রকল্পের আওতায় এশিয়ান সিবাস, গ্রুপার (ভেটকি-কোরাল), ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছ চাষ করা হবে। প্রতিটি মাছের গড় ওজন হবে ১,২০০ থেকে ১,৫০০ গ্রাম। উৎপাদিত মাছের একটি বড় অংশ রপ্তানি করা হবে এবং অবশিষ্ট অংশ স্থানীয় বাজারের চাহিদা পূরণে সরবরাহ করা হবে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বছরে প্রায় ২,০০০ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সুস্বাদু সামুদ্রিক মাছের চাহিদা দ্রুত বাড়ছে। এই চাহিদা পূরণে আধুনিক আরএএস প্রযুক্তি ব্যবহার করে দেশে সামুদ্রিক মাছ চাষে বিনিয়োগ করছে প্রাণ গ্রুপ। এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার সঙ্গে এই অংশীদারিত্ব বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর ড. ইয়েনস ওলে ওলেসেন বলেন, তাদের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কো এপিএস ২০১৬ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মাছ চাষে যৌথভাবে কাজ করে আসছে। বাংলাদেশে আরএএসভিত্তিক মাছ চাষ প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যে ডেনিশ সরকারের গ্যারান্টিযুক্ত অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। ব্রুডস্টক সুবিধাসহ হ্যাচারি ও নার্সারি স্থাপনের মাধ্যমে উন্নতমানের সামুদ্রিক মাছ উৎপাদনে তারা কাজ করবেন বলে জানান তিনি। প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে এই অংশীদারিত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।





