পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

“উচ্চ আদালতে চলছে বিএনপিপন্থি আইনজীবীদের গুন্ডামি”-এ শিরোনামে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন একদল আইনজীবী। একই সঙ্গে ওই পোস্টটি ফেসবুক থেকে অপসারণের নির্দেশনাও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপন করা হয়। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা-১০ আসন (লালমাই-নাঙ্গলকোট) থেকে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশের পর এ অভিযোগ আনা হয়।

শুনানির শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পিনাকী ভট্টাচার্য আদালত ও আইনজীবীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। তিনি আদালতের কাছে প্রশ্ন রেখে বলেন, তিনি কখনো আদালতে গুন্ডামি করেননি বা আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেননি। অথচ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে, যা আদালত অবমাননার শামিল।

এ সময় আদালত কক্ষে উপস্থিত অন্য আইনজীবীরাও ব্যারিস্টার কাজলের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আবেদন জানান। পাশাপাশি ফেসবুকে দেওয়া ওই পোস্টটি অপসারণের নির্দেশনা চাওয়া হয়।

শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার ফখরুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট ফয়েজ উল্লাহ ফয়েজসহ আরও অনেকে।

আইনজীবীরা জানান, আগামী রোববার হাইকোর্ট পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্ট সংক্রান্ত বিষয়ে আদেশ দিতে পারেন।