আফগানিস্তান বাংলাদেশের বড় ওষুধ কোম্পানির সঙ্গে সরাসরি চুক্তি করেছে।
আফগানিস্তান তার তালেবান সরকারের উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের বড় ওষুধ উৎপাদনকারীদের সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্ন করেছে।
আফগানি সংবাদমাধ্যম পাজহক বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছে, উপ-বাণিজ্য ও শিল্পমন্ত্রী মাওলাওই আহমাদুল্লাহ জাহিদ বাংলাদেশের বড় ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে ওষুধ আমদানির বিষয়ে চুক্তিতে সম্মত হয়েছেন।
এ বিষয়ে আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুটি বড় ওষুধ কোম্পানি-বেক্সিমকো ও রেনেটা পিএলসি-পরিদর্শন করেছেন, যারা বিশ্বের প্রায় ৫০টি দেশে ওষুধ রপ্তানি করে।
পরিদর্শনের সময় আফগান মন্ত্রী বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোকে আফগানিস্তানে ওষুধ কারখানা স্থাপনের আমন্ত্রণ জানান। তিনি আরও বলেন, আফগানিস্তানের সব জায়গায় এখন নিরাপত্তার নিশ্চয়তা রয়েছে, দেশটি শিল্প ও উৎপাদনকে সমর্থন করে এবং বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা প্রদান করে।





