ভারতের জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা আশিষ বিদ্যার্থী ও তার স্ত্রী রূপালী বড়ুয়া সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শুক্রবার রাতে আসামের গুয়াহাটির জু রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে দুজনেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং শঙ্কামুক্ত বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঘটনার রাতে আশিষ বিদ্যার্থী ও রূপালী বড়ুয়া গুয়াহাটির গীতানগর থানা এলাকার একটি রেস্টুরেন্টে নৈশভোজ শেষে বের হন। ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ নামের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।
এতে ভারসাম্য হারিয়ে তারা দুজনেই রাস্তায় পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হন। খবর পেয়ে গীতানগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দম্পতিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। আহত বাইকচালককে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ অবস্থায় আশিষ বিদ্যার্থী নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে পরিস্থিতির কথা জানান। ভিডিওতে তিনি বলেন, “আমি ও রূপালী রাস্তা পার হচ্ছিলাম, ঠিক তখনই একটি বাইক আমাদের ধাক্কা দেয়। আমরা দুজনেই এখন স্থিতিশীল আছি। রূপালী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। আমার সামান্য আঘাত লেগেছে, তবে আমি ভালো আছি। দয়া করে আপনারা চিন্তা করবেন না।”
উল্লেখ্য, ষাটোর্ধ্ব এই অভিনেতা গত বছর রূপালী বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যা নিয়ে সে সময় বেশ আলোচনা হয়েছিল। বর্তমানে দম্পতি ব্যক্তিগত সফরে গুয়াহাটিতে অবস্থান করছেন।





