নিত্যপ্রয়োজনীয় পণ্য চিনি, এলপিজি ও ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেট ও মজুতদারদের দৌরাত্ম্য বন্ধে সরকারের কাছে দ্রুত দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজ এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি এসব পণ্যের দাম অযৌক্তিকভাবে বেড়ে সাধারণ ভোক্তাদের মধ্যে হতাশা, উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
ক্যাবের দাবি, আমদানি ও মিল পর্যায়ে উৎপাদন ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টি করে একটি প্রভাবশালী চক্র চিনির বাজার নিয়ন্ত্রণ করছে। একইভাবে এলপিজি, সয়াবিন ও পাম তেলের বাজারেও অযৌক্তিক মূল্যবৃদ্ধির অভিযোগ উঠেছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, মাত্র এক সপ্তাহ আগেও স্থিতিশীল থাকা চিনির দাম হঠাৎ খুচরা বাজারে প্রতি কেজিতে ১০ টাকা বেড়েছে। সাদা চিনি আমদানি প্রায় বন্ধ থাকা এবং মিল পর্যায়ে সরবরাহ সংকটের অজুহাতে কৃত্রিম ঘাটতি তৈরি করা হয়েছে। রমজান ও অন্যান্য উৎসব সামনে রেখে প্রতিবছরের মতো এবারও দাম বাড়ানোর কৌশল নিয়েছে ব্যবসায়ীরা। এছাড়া এলপিজি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, যেখানে আমদানিকারক ও পরিবেশকদের কারসাজির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে ক্যাব সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে-মিল পর্যায়ে চিনি উৎপাদন, মজুত ও সরবরাহের সঠিক তথ্য যাচাই করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, চিনি ও ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেট ও মজুতদারদের কার্যক্রম বন্ধে কঠোর নজরদারি, আন্তর্জাতিক বাজারদর ও স্থানীয় বাজারমূল্যের মধ্যে যৌক্তিক সামঞ্জস্য নিশ্চিত করা এবং পাইকারি ও খুচরা বাজারের অযৌক্তিক মূল্যবৈষম্য কমাতে প্রশাসনিক হস্তক্ষেপ জোরদার করা।
এছাড়া এলপিজি সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় বাড়ানো, আমদানিকারক ও পরিবেশকদের মজুত ও সরবরাহ তদারকি জোরদার করা এবং নির্বাচনী বা অন্য কোনো অজুহাতে বাজার তদারকি যেন শিথিল না হয়-সে বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনার দাবিও জানানো হয়েছে।
ক্যাব সতর্ক করে বলেছে, দ্রুত সমন্বিত ও কঠোর ব্যবস্থা না নিলে চিনি, এলপিজি ও অন্যান্য নিত্যপণ্যের বাজারে অস্থিরতা আরও তীব্র হতে পারে। ভোক্তাদের ন্যায্যমূল্য ও স্বস্তি নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।





