ট্রাম্পের অভিযোগ: যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইরান, তবু শান্তি চুক্তির আশাবাদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান চলমান যুদ্ধবিরতি চুক্তির “গুরুতর লঙ্ঘন” করছে। তবে এ উত্তেজনার মধ্যেও তিনি ইরানের সঙ্গে শিগগিরই একটি স্থায়ী শান্তি চুক্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

রোববার (১৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে জানান, মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুললেও এখনো শান্তি চুক্তির সম্ভাবনায় আস্থা রাখছেন।

কার্লের মতে, ট্রাম্প তাকে বলেছেন, “এই চুক্তি হবেই-সহজ বা কঠিন যেভাবেই হোক।”

ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন এবং তারা আগামীকাল (সোমবার) সেখানে পৌঁছাবেন।

তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্র একটি “ন্যায্য ও যুক্তিসঙ্গত” প্রস্তাব দিচ্ছে এবং ইরান তা গ্রহণ করবে বলে তিনি আশা করছেন। অন্যথায় যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন অবকাঠামো, যেমন বিদ্যুৎকেন্দ্র ও সেতু, লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে “ভদ্র আচরণের সময় শেষ” হবে এবং এসব স্থাপনা দ্রুত ধ্বংস করা সম্ভব।