যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে স্থানান্তরের পরিকল্পনা করছেন এবং এ ক্ষেত্রে ইরান সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেছেন।
গতকাল অ্যারিজোনা রাজ্যের ফিনিক্স শহরে রিপাবলিকান পার্টির ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক উপাদান সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্রকে বড় আকারের খননযন্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যেতে হবে এবং বিষয়টি ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করা হবে।
ট্রাম্প বলেন, “আমরা পর্যাপ্ত সংখ্যক বড় এক্সক্যাভেটর নিয়ে সেখানে যাব এবং ইরানের সঙ্গে মিলে সেটি সংগ্রহ করব। খুব শিগগিরই এই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে।”
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতা প্রায় ৬০ শতাংশ। পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার জন্য এটি ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা প্রয়োজন।
এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান তার ইউরেনিয়াম মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে। তবে তেহরান তা নাকচ করে জানায়, তাদের পারমাণবিক উপাদান অন্য কোথাও স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই।
বিশ্লেষকদের মতে, নতুন এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ইস্যুতে তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করলেন, যা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়াতে পারে।





