মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি-তে প্রবেশ করেও শেষ পর্যন্ত এগোতে পারেনি বাংলাদেশ পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। ইরানের নৌবাহিনী-এর নির্দেশে মাঝপথ থেকেই ফিরে যেতে হয়েছে জাহাজটিকে।
বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি প্রণালিতে প্রবেশ করে এবং ভোরের মধ্যে এটি অতিক্রম করার পরিকল্পনা ছিল। তবে রাত সাড়ে ১২টার দিকে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে অপেক্ষা করার নির্দেশ দেয়।
তিনি বলেন, ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে এগোতে দেওয়া হবে না-এমন নির্দেশনা দেওয়ায় প্রণালির ভেতরেই অপেক্ষা করতে হয় জাহাজটিকে।
পরবর্তীতে বেতার বার্তার মাধ্যমে জাহাজটিকে অগ্রসর না হয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পেয়ে ‘বাংলার জয়যাত্রা’ যাত্রা স্থগিত করে পুনরায় নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পারস্য উপসাগরের দিকে ফিরে যাচ্ছে।
জানা গেছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর শুক্রবার রাতে যাত্রা শুরু করেছিল জাহাজটি। তবে কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতির পরিবর্তন ঘটে।
৩১ জন নাবিক নিয়ে চলা জাহাজটি প্রায় ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ অঞ্চলে অবস্থান করছে।
এর আগে, গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণার পর সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করলেও ১০ এপ্রিল হরমুজ প্রণালির কাছাকাছি গিয়ে অনুমতি না পেয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উপকূলে অবস্থান নিতে হয়েছিল জাহাজটিকে।





