নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: খালে বাস, নিহত ৫

নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রহমতখালী খালে পড়ে যায়। এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি উদ্ধার করে।

নিহতরা হলেন—মোরশেদ আলম, জয়নাল আবেদিন, হুমায়ুনুর রশীদ, মাজেদ ও রিপন। তারা সবাই চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই খালে ডুবে যায় বাসটি। দীর্ঘ সময় আটকে থাকার কারণে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, “বাস খালে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। কেউ নিখোঁজ আছেন কি না, তা নিশ্চিত হতে ডুবুরি দল কাজ করছে।”

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।