মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন ড. ইউনূস। তিনি ১১ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটি সফর শুরু করেন।

সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। সফরের দ্বিতীয় দিনে তার উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট বিনিময় করে।

এগুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ এবং অবকাঠামো নির্মাণ, জ্বালানি সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও মালয়েশিয়ার আইএসআইএস ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতা, বিএমসিসিআই ও চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিমোসের মধ্যে সহযোগিতা, এবং এফবিসিসিআই ও মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সহযোগিতা বিষয়ক চুক্তি।