রাজধানীর বনানীতে অবৈধ বাণিজ্যিক স্থাপনা ও অ-আবাসিক কার্যক্রমের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে ২৪টি দোকান সিলগালা করা হয় এবং একটি আবাসিক হোটেল ও একটি হাসপাতালকে বাণিজ্যিক ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজউকের জোন-৪/২ এলাকার বনানী আবাসিক এলাকায় আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে অথরাইজড অফিসার মোহাম্মদ কায়সার পারভেজ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক এবং বনানী সোসাইটির কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানে দেখা যায়, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় ২৪টি দোকান সিলগালা করা হয়। একই সঙ্গে একটি আবাসিক হোটেল ও একটি হাসপাতালের মালিকপক্ষকে এক মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়।
এ ছাড়া একটি রেস্টুরেন্টের বেজমেন্টে গাড়ি পার্কিংয়ের স্থানে মালামাল রাখার অভিযোগেই পার্কিং স্থান খালি করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়। পাশাপাশি ফুটপাত দখল করে থাকা ১৪টি ভাসমান দোকান উচ্ছেদ করে পথচারীদের চলাচল স্বাভাবিক করা হয়।





