এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা 

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে।

বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. ইউনূস বলেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কোর্স সম্পন্নকারীদের জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সহায়তা করবে। দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি।

তিনি আরও বলেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট উচ্চতর অধ্যয়নে ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতোমধ্যে একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব গঠনে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা করেন প্রধান উপদেষ্টা।