নির্বাচন সামনে রেখে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ ফুট প্যাট্রোল

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীর বিশেষ ফুট প্যাট্রোল পরিচালনা করা হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসিলা ও শেরেবাংলা সেনা ক্যাম্পের সদস্যরা রায়েরবাজার ও আদাবর এলাকার বিভিন্ন আবাসিক এলাকায় ফুট প্যাট্রোল পরিচালনা করেন। বিশেষ করে সংবেদনশীল এলাকা ও সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর আশপাশে নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়।

সেনাবাহিনীর এই উদ্যোগের লক্ষ্য আসন্ন নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করা, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও ভয়ভীতি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

ফুট প্যাট্রোল চলাকালে সেনাসদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর উপস্থিতিতে তারা নিজেদের আরও নিরাপদ অনুভব করছেন এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।

৪৬ স্বতন্ত্র ব্রিগেডের ওই কর্মকর্তা আরও জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দিন ও রাতব্যাপী এ ধরনের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় এবং যেকোনো অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা সম্ভব হয়।