তারেক রহমানের উপহার পাওয়া জন্মান্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের জন্মান্ধ গফুর মল্লিকের (৭৮) বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ একজন নারীকে গ্রেপ্তার করেছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যার পর দেশীয় অস্ত্রসহ একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে গফুর মল্লিকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তারা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে ঘরবাড়ি তছনছ করে নগদ অর্থ ও মালামাল লুট করে।

এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ব্যবসায়িক বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, ৭৮ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে ট্রেন ও বাসে ফেরি করে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপির পরিবার’ থেকে তাকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।