রামপুরায় হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

রাজধানীর রামপুরা থানা এলাকায় হাসান ভূঁইয়া (৪৩) নামে এক ব্যক্তির হাত বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্ত্রী মিলা (২৮)–কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের বড় ভাই নাসির ভূঁইয়া অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে তার ছোট ভাইকে স্ত্রী মিলা হত্যা করেছেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নাসির ভূঁইয়া জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে ছয় বছর আগে হাসান মিলাকে বিয়ে করেন। বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে হাসানের তেমন যোগাযোগ ছিল না। তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। শনিবার সকালে তারা জানতে পারেন হাসান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তার গলায় ফাঁস থাকলেও হাত দুটি পিছমোড়া করে বাঁধা ছিল। বাসার ছাদের পানির ট্যাংকির পাইপের সঙ্গে রশি দিয়ে গলায় ও হাতে বাঁধা অবস্থায় হাসানকে ঝুলিয়ে রাখা হয়। এতে এটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড বলে তাদের ধারণা।

এ ঘটনায় হাসানের স্ত্রী মিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে নাসির ভূঁইয়া বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আল আমিন জানান, হাসান ভূঁইয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারের সময় তার হাত পেছন দিক থেকে বাঁধা ছিল। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নিহতের বড় ভাই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।

তিনি আরও জানান, পুলিশ সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালাচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।