ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে সময় পরিবর্তন করা হতে পারে।
সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
প্রশাসক জানান, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। গরমের বিষয়টি বিবেচনায় রেখে ঈদগাহের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থাও রাখা হবে। মুসল্লিদের সুবিধার জন্য ওযুখানার পাশাপাশি নারীদের জন্য আলাদা প্রবেশপথ রাখা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। তাই এখানে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন-এটি ঢাকার নাগরিকদের জন্য আনন্দের বিষয়। যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান তিনি।
একই সঙ্গে তিনি বলেন, ঈদগাহে প্রবেশের সময় সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে এবং এমন কোনো বস্তু সঙ্গে আনা যাবে না, যা নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে।
জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





