‘খাল খনন কর্মসূচি–২০২৬’ উদ্বোধনে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি–২০২৬’-এর উদ্বোধন করতে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে দিনাজপুরের কর্মসূচিস্থলে যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি–২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি। সৈয়দপুরে পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যাবেন।

এর আগে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। পরে দুপুর সাড়ে ১২টায় সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

জনসভা শেষে বিকেলে দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে শায়িত তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। এরপর বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে।