মানবতাবিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের জেরা শুরু

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জেরা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেলে এই জেরা অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন তাকে জেরা করছেন। এর আগে, ২ সেপ্টেম্বর আংশিক জেরা শেষে ৩ সেপ্টেম্বর স্টেট ডিফেন্সের আবেদনের ভিত্তিতে বাকি জেরার দিন ধার্য করা হয়।

জবানবন্দিতে চৌধুরী মামুন আওয়ামী লীগ আমলে পুলিশ বাহিনীতে রাজনৈতিক প্রভাব ও গ্রুপিংয়ের বিষয় উল্লেখ করেন। একইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানোর দায় স্বীকার করে ক্ষমা চান তিনি।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় এখন পর্যন্ত চৌধুরী মামুনসহ ৩৬ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের বক্তব্যে শেখ হাসিনা, কামালসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। প্রসিকিউশনের আনা অভিযোগপত্রে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ রয়েছে। এতে মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠা দালিলিক প্রমাণ, তথ্যসূত্র, জব্দতালিকা ও শহীদ তালিকার বিবরণ অন্তর্ভুক্ত। সাক্ষী হিসেবে রাখা হয়েছে ৮১ জনকে।