রাজউক প্লট জালিয়াতি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তদন্তকারী কর্মকর্তারা এ সংক্রান্ত চিঠি পাঠান বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
চিঠিতে বলা হয়েছে, ন্যায়বিচারের স্বার্থে বিদেশে অবস্থানরত শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া জরুরি।
দুদকের অনুসন্ধানে জানা যায়, পূর্বাচল আবাসন প্রকল্পের ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যসহ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
গত ১০ মার্চ শেখ হাসিনাসহ ১২ জনকে আসামি করে একটি চার্জশিট দাখিল করা হয়। এর বাইরে তাঁর বিরুদ্ধে আরও পাঁচটি চার্জশিট রয়েছে, যা আদালতে বিচারাধীন। একইভাবে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও একটি চার্জশিট ও আরেকটি মামলা রয়েছে।
দুদক জানায়, এ সব মামলায় আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতেই পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।





