সোনারগাঁওয়ে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের পাঁচজন দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক এলাকায় গ্যাস লাইনের বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন— মানব চৌধুরী, তার স্ত্রী বাচা এবং তাদের তিন সন্তান মৌরি, মুন্নি ও তিন্নি। এর মধ্যে মানব চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক, তার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। স্ত্রী বাচার শরীরের ৪৫ শতাংশ এবং সন্তানদের মধ্যে মৌরির ৩৬ শতাংশ, মুন্নির ২৮ শতাংশ ও তিন্নির ২২ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানান।