মোবাইল গেম আর চকলেটের প্রলোভনে অপহৃত শিশু, র‍্যাবের অভিযানে উদ্ধার

রাজধানীর কদমতলী থেকে নিখোঁজ হওয়া ১২ বছরের মাদ্রাসাছাত্র মাহাদী হাসান হুজাইফাকে নারায়ণগঞ্জ থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০। এ ঘটনায় মোখলেসুর রহমান রাজু (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব জানায়, শিশু মাহাদীকে চকলেট, মোবাইল গেম ও বেড়ানোর লোভ দেখিয়ে অপহরণ করা হয়েছিল। পরে মুক্তিপণের দাবিতে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) যাত্রাবাড়ীর র‍্যাব-১০ এর সিপিসি-১ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুমন।

তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকা থেকে মাহাদী নিখোঁজ হয়। পরদিন সকালে শিশুটির বাবার মোবাইলে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। প্রাথমিকভাবে ৪০ হাজার টাকা আদায়ও করে অপহরণকারীরা।

পরবর্তীতে র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় টানা ১৭ ঘণ্টার অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনির একটি ভাড়া বাসা থেকে মাহাদীকে উদ্ধার করা হয়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় অপহরণকারী রাজুকে।

র‍্যাব কর্মকর্তা জানান, শিশুটি এক স্থান থেকে অন্য স্থানে ঘন ঘন সরিয়ে নেওয়ায় ভীত হয়ে পড়ে। পরিবারের কাছ থেকে আরও টাকা আদায়েরও চেষ্টা করেছিল রাজু। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকৃত শিশু ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।