আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে বাংলাদেশ পুলিশ দেড় লাখেরও বেশি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেবে।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানিয়েছেন, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। এ মডিউল অনুযায়ী দেশজুড়ে ১৩০টি ছোট ও চারটি বড় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে প্রামাণ্যচিত্র, অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, ফিল্ম এবং বুকলেট তৈরি করা হয়েছে। ইতোমধ্যে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মাধ্যমে ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি) গড়ে তোলা হবে। এরাই পর্যায়ক্রমে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।
ডিআইজি জিয়া উদ্দিন আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ পুলিশকে নির্বাচনী দায়িত্ব পালনে আরও দক্ষ করে তুলবে এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বাস্তবমুখী সক্ষমতা তৈরি করবে।
চলতি সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।





