পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।
এ বিষয়ে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, রমজান মাসে ব্যাংকিং লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। একইভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোও সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম চালাবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের বিরতি থাকবে, তবে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন চালু রাখা যাবে।
রমজান মাসে আদালতের বিচারিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আদালতের অফিসিয়াল কাজ চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আদালত অঙ্গনেও দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি কার্যকর থাকবে।
এ ছাড়া ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ও জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো জনস্বার্থ এবং নিজস্ব আইন ও বিধি অনুযায়ী তাদের আলাদা সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে।





