নির্বাচন কমিশন (ইসি) জাতীয় ভোটার দিবস পুনরায় ২ মার্চের পরিবর্তে ১ মার্চে উদযাপনের উদ্যোগ নিয়েছে। এই প্রস্তাব সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
রোববার (১ মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিবসটি পরিবর্তনের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চূড়ান্ত অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ভোটার দিবসের তারিখ ঘোষণা করা হবে।
আখতার আহমেদ আরও বলেন, ১ মার্চে দিবসটি ফিরিয়ে আনার যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রিপরিষদে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই পরবর্তী আয়োজন শুরু হবে।
ইসি কর্মকর্তাদের মতে, ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংস্থা ‘ফেমবোসা’র চতুর্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী, সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশও ২০১৯ সালে প্রথমবার ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করে।
তবে একই দিনে ‘জাতীয় বিমা দিবস’ নির্ধারিত থাকায় ২০২০ সালে ভোটার দিবসকে ‘খ’ শ্রেণির দিবস হিসেবে ঘোষণা করে ২ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছিল। দীর্ঘ সময় পর এবার আবারও ১ মার্চে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন।





