সৌদি আরবের সতর্কবার্তা উপেক্ষা করে দেশটির অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েলফিল্ডকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোরে সৌদি আরবের শায়েবাহ তেলখনির দিকে চারটি বিস্ফোরকবাহী ড্রোন ছোড়া হয় বলে জানিয়েছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।
তবে তেলক্ষেত্রে আঘাত হানার আগেই সৌদি আরবের এয়ার ডিফেন্স ব্যবস্থা সক্রিয় হয়ে ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়। সৌদি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবে একাধিক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মার্কিন সামরিক ঘাঁটি, স্থাপনা ও তেল অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
গত নয় দিনে তিনবার শায়েবাহ তেলক্ষেত্রে হামলার চেষ্টা হওয়ার পর রোববার ইরানকে কঠোর সতর্কবার্তা দেয় সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান যদি প্রতিবেশী দেশগুলোর তেল স্থাপনায় হামলা অব্যাহত রাখে, তবে চলমান সংঘাতে এর পরিণতি তাদের জন্য ভয়াবহ হতে পারে।
তবে ওই সতর্কবার্তার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই আবারও শায়েবাহ তেলক্ষেত্রকে লক্ষ্য করে চতুর্থবারের মতো ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে।





