৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য: তারেক রহমান

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীর কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় ১৫ হাজার নারীকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ডের প্রতীকী রেপ্লিকা তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি দায়িত্বশীল ও জনগণের প্রতি জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে চায়। নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে তার বাস্তবায়ন শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ডের পাশাপাশি আগামী মাস থেকে কৃষকদের কাছে ‘কৃষি কার্ড’ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার যেকোনো মূল্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সম্প্রতি কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এ জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে।