পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রডশিট জবাব দ্রুত পাঠাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পাঠালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের পর ব্রডশিটের জবাব পাঠানোর নির্দেশ দিলেও অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে সেই জবাব পাওয়া যায় না। এর মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের কেউ অবসরে যান বা মৃত্যুবরণ করেন, ফলে প্রতিবেদনে উত্থাপিত গুরুতর আপত্তিগুলোর নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়ে।
এতে আরও বলা হয়, সময়মতো ব্রডশিট জবাব না পাওয়ায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক ও আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠান প্রধানদের এ ধরনের বিলম্ব নীতিমালা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা হিসেবে গণ্য হবে।
এ পরিস্থিতিতে যেসব প্রতিষ্ঠানের ব্রডশিট জবাব এখনো বকেয়া রয়েছে, সেগুলো আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সরাসরি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে এমপিও নীতিমালা–২০২৫ এর ১৮.১ (খ) ধারা অনুযায়ী সরকার বা নির্ধারিত কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালনে ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হতে পারে।





