ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে ইমাম প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকার ১৫ সদস্যের একটি ইমাম প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। রোববার (১৯ এপ্রিল) সংসদ ভবনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার প্রতিনিধিদলের সদস্যদের খোঁজখবর নেন এবং নিজ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন ও সংসদ অধিবেশন সরেজমিনে দেখার জন্য আমন্ত্রণ জানানো হবে। এর আগে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরাও সংসদ পরিদর্শনে এসেছিলেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে এলাকার সব শ্রেণি-পেশার মানুষ সংসদ সম্পর্কে আরও ভালো ধারণা অর্জন করতে পারবে।

ডেপুটি স্পিকার আরও বলেন, তিনি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাদের কারণেই তিনি আজ সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করছেন। এজন্য তিনি জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা ও জবাবদিহিতার কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি জানান, ইউনিয়নভিত্তিক উন্নয়ন কমিটি গঠন করা হবে। পাশাপাশি সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি শূন্যের কোটায় নামিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পর্যায়ে সামাজিক বিরোধ নিষ্পত্তিতে ইমামদের ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

সবশেষে তিনি বলেন, তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চান। তিনি সবার দোয়া কামনা করেন।