মাদারীপুরের কালকিনিতে উদ্ধারকৃত ৪০ ককটেল ধ্বংস করল সেনাবাহিনী

মাদারীপুরের কালকিনিতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কালকিনি উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের একটি পরিত্যক্ত জমিতে একযোগে ককটেলগুলো ধ্বংস করা হয়।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে সেনাবাহিনী। পরে বরিশাল সেনানিবাসের ক্যাপ্টেন পরশ মাহামুদের নেতৃত্বে কালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং বোম ডিসপোজাল প্রশিক্ষণপ্রাপ্ত হারুন অর রশীদ উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদভাবে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেন। এ সময় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনসহ পুলিশ ও সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে সেনাবাহিনীর বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দিয়ে ককটেলগুলো ধ্বংস করা হয়। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে উঠলে আতঙ্কিত হয়ে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। তারা ককটেল প্রস্তুত ও মজুদের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান।