ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ব্যালট ও রেজাল্ট শিট নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে আসনটির অন্যান্য প্রার্থীদের কাছে নোটিশ জারি করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এই আদেশ দেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ঢাকা-১৩ আসনের জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক।
উল্লেখ্য, এই আসনে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ।
এর আগে দেশের বিভিন্ন আসনের ২৫ জনের বেশি প্রার্থী নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন। এসব আবেদনের শুনানি গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশও দিয়েছেন আদালত।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদনের শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ বর্তমানে এসব আবেদনের শুনানি পরিচালনা করছেন।





