মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয়, ১০ মার্চ মঙ্গলবার থেকে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। তিনটি শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী এখানে দায়িত্ব পালন করবেন।

নিয়ন্ত্রণ কক্ষটি প্রবাসী কল সেন্টার, লিফট-৭, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন, ঢাকায় স্থাপন করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। আর ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন এবং নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।