পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহ বাড়াল বিপিসি

রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগে যেখানে সরবরাহ ২৫ শতাংশ কমানো হয়েছিল, বর্তমানে তা কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

বুধবার (১১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিপিসি।

বার্তায় বলা হয়, চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোলের গড় বিক্রয়ের ভিত্তিতে পূর্বের ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে এখন ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সরবরাহ করা হবে।

এ লক্ষ্যে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদে দেশে জ্বালানির সংকট এড়াতে সরকারের নির্দেশে গত রোববার থেকে রেশনিং পদ্ধতিতে পেট্রোল পাম্পগুলোতে তেল বিক্রি শুরু হয়।

এতে অনেকেই আতঙ্কিত হয়ে যানবাহনের জন্য জ্বালানি নিতে পাম্পে ভিড় করেন। ফলে বিভিন্ন পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। তবে সরকার বারবারই জানিয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে।