২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে আসছে জাহাজ

মালয়েশিয়া থেকে পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে আসছে। বুধবার (৮ এপ্রিল) জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ সময় সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে জাহাজটির অবস্থান আন্দামান সাগরে ছিল বলে জানা গেছে। এর আগে, গত ৩ এপ্রিল মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী জাহাজটি মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, জাহাজটিতে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার।

এদিকে চট্টগ্রাম বন্দরে এলপিজি ও এলএনজি নিয়ে আরও দুটি জাহাজ ভিড়েছে। এর মধ্যে নাইজেরিয়া থেকে আসা ‘কুল ভয়েজার’ জাহাজে রয়েছে এলএনজি, যার স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট। এছাড়া চীন থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস জার্নি’ জাহাজ, যার স্থানীয় এজেন্ট ইউনাইটেড শিপিং। খালাস কার্যক্রম শেষে জাহাজ দুটি আগামী বুধবার বন্দর ত্যাগ করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বর্তমানে বন্দরের জলসীমায় এলপিজি ও এলএনজি বহনকারী দুটি জাহাজ অবস্থান করছে এবং চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে।

তিনি আরও জানান, এর আগে ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’ এবং ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ নামে আরও দুটি জাহাজ বন্দরে আসে। এর মধ্যে ‘গ্যাস চ্যালেঞ্জার’ জাহাজ থেকে ভাটিয়ারিতে এলপিজি খালাস করা হচ্ছে।