মার্কেট-শপিং মল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত

সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। রোববার (৬ এপ্রিল) মন্ত্রিপরিষদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ এপ্রিল ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্তে সম্মতি দেন। ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

একই সঙ্গে নির্দেশনায় বলা হয়েছে, সব বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া দেশের সব জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।