শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের এবং শহীদ ওসমান হাদির স্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ অবস্থানের তথ্য নিশ্চিত করেছেন।
অবস্থানকালে আব্দুল্লাহ আল জাবের বলেন, “নিরাপত্তার কারণে আমরা সীমিত সংখ্যক মানুষ এসেছি, তবে চাইলে আরও মানুষ আনতে পারতাম। প্রধান উপদেষ্টার কাছ থেকে সুনিশ্চিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা শহীদ ওসমান হাদির স্ত্রীকে নিয়ে এখানে অপেক্ষা করব। বিচারের পূর্ণ আশ্বাস না দিলে আমরা অবস্থান ত্যাগ করব না।”
তিনি আরও বলেন, “শহীদ হাদি হত্যার ঘটনার ওপর জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”





