রাজধানীর মিরপুরে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড, উদ্ধার ৪ জন

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি ১০তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

তবে ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।