ডিবির হাতে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

জানা গেছে, তার বিরুদ্ধে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যার ঘটনায় দায়ের করা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ২৭ আগস্ট দায়ের করা ওই হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-সহ ১৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় টিপু মুনশি বর্তমানে কারাগারে রয়েছেন।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়া শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন, যখন আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর টানা চারবার তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। পরবর্তীতে সংসদ ভেঙে দেওয়া হয় এবং ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। ওই প্রেক্ষাপটে ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী।