যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে কঠোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানকে “এক রাতেই তছনছ করে দেওয়া” হতে পারে।
সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ইরানকে সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে হবে বলে তিনি সতর্ক করেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানকে একটি প্রস্তাব দিয়েছে এবং দেশটির নেতৃত্ব তা নিয়ে আলোচনা করছে। তবে তার বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয়; স্থায়ীভাবে হামলা বন্ধ এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, “পুরো দেশটিকে এক রাতে তছনছ করে দেওয়া হতে পারে-এমনকি সেটি কাল রাতেই ঘটতে পারে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সময়সীমা শেষ হলে ইরানকে “প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে”, যেখানে তাদের কোনো সেতু বা বিদ্যুৎকেন্দ্র অবশিষ্ট থাকবে না।
বিশ্লেষকদের মতে, বেসামরিক অবকাঠামো-যেমন সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার এই ধরনের হুমকি বাস্তবায়িত হলে তা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে এবং যুদ্ধাপরাধের আওতায় পড়তে পারে।





