মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা, ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মনসুরের পোষা বিড়ালকে হত্যার দায়ে আকবর হোসেন শিবলুকে আদালত ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানিয়েছেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তাই তার বিরুদ্ধে সাজা কার্যকর করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ অভিযোগ সত্য বলে আদালতে প্রতিবেদন দাখিল করে। এর ভিত্তিতে গত বছরের ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং বিচার শুরু হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলায় মনসুরের পোষা বিড়াল নিখোঁজ হয়। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ার পরও পা দিয়ে পাড়া দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।