বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগে নতুন অভিজ্ঞতা শর্ত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধনী অনুযায়ী, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এবং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে আবেদনের অভিজ্ঞতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এমপিওভুক্ত ডিগ্রি কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক, জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক হিসেবে মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে এসব পদে আবেদন করা যাবে।

মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ পর্যালোচনা–সংক্রান্ত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসার সাধারণ বিষয়ের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের ক্ষেত্রেও সমমানের অভিজ্ঞতা গণ্য করা হবে। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী প্রধান শিক্ষকরা ২ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজের অধ্যক্ষ পদে আবেদন করতে পারবেন।

নীতিমালায় মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদের অভিজ্ঞতার বিষয়েও স্পষ্টতা আনা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক অথবা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ৩ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে আবেদনের যোগ্য হবেন। এছাড়া এমপিওভুক্ত সহকারী শিক্ষক হিসেবে ১৮ বছরের অভিজ্ঞতা থাকলেও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে উচ্চতর পদে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। নীতিমালার ১১.২৪ অনুচ্ছেদ অনুযায়ী ইনডেক্সধারী শিক্ষকদের ক্ষেত্রেও ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত বহাল রয়েছে।

এছাড়া ডিগ্রি কলেজ ও স্নাতক পর্যায়ের প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রেও নতুন শর্ত নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ হিসেবে অন্তত ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে আবেদন করা যাবে। একইভাবে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষরাও মোট ১৮ বছরের অভিজ্ঞতা থাকলে সমমানের পদে আবেদনের সুযোগ পাবেন।