বাংলাদেশে নতুন অধ্যায়ের সূচনা হবে ১২ ফেব্রুয়ারি: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। এদিন ১৮ কোটি মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতি, লুটপাট, গুণ্ডামি ও সন্ত্রাস রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে-ইনশাল্লাহ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় মাওলানা মামুনুল হক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের হাতে নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে তাঁকে সংসদে পাঠানোর আহ্বান জানান।

তিনি বলেন, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সন্ধিক্ষণে ১১টি রাজনৈতিক দল একসঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং নিপীড়িত ও অধিকারবঞ্চিত ১৮ কোটি মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতেই এই ঐক্য।

মামুনুল হক অভিযোগ করেন, পুরোনো দিনের সন্ত্রাস, গুণ্ডামি, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি আবার ফিরে আসার অপচেষ্টা চলছে। শ্রমিক, কৃষক, দিনমজুর, ব্যবসায়ী ও প্রবাসীদের কষ্টার্জিত সম্পদে দেশের অর্থনীতি সচল হলেও দুর্নীতিবাজ রাজনীতিবিদরা সেই সম্পদ লুট করে বিদেশে পাচার করছে।

তিনি বলেন, ৫৪ বছরে দেশের রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠলেও সাধারণ মানুষের জীবনে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। কারণ ক্ষমতায় গিয়ে একটি গোষ্ঠী সব সম্পদ লুট করে নেয়। ফলে দেশের অর্থনীতি কখনোই টেকসই উন্নয়নের পথে এগোতে পারে না।

মামুনুল হক আরও বলেন, এবার বাংলাদেশের মানুষ আর পুরোনো দিনের লুটেরা ও দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না। তাই ১১ দলীয় ঐক্যের মাধ্যমে টেকনাফ থেকে তেঁতুলিয়া গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেবে এবং প্রতিটি আসনে ঐক্যবদ্ধ প্রার্থীরা বিজয়ী হয়ে ক্ষমতার পরিবর্তন ঘটাবে-ইনশাল্লাহ।

ডুমুরিয়া উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আব্দুল কাইউম জোয়াদ্দারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার, মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা এমরান হুসাইন, সর্বমিত্র চাকমাসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।