স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়-এর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বৈঠকে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল, বাণিজ্য সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত মাইকেল মিলার নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান এবং বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার। বর্তমান সরকারের সময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী ইইউ।

পুলিশ সংস্কারের বিষয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে ইইউর পরামর্শ ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জবাবে রাষ্ট্রদূত জানান, প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে সহযোগিতা করতে আগ্রহী ইইউ।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, এ ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দুর্নীতি দমনে শক্তিশালী কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রদূত জানান, এ খাতে ইইউ সব ধরনের কারিগরি ও কৌশলগত সহায়তা দিতে প্রস্তুত। মন্ত্রীও এ প্রস্তাবে সম্মতি জানান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশ দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খানসহ ইইউ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।