চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় অনলাইন গেম খেলার টাকা না পেয়ে নিজের মাকে মারধরের ঘটনায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী। তিনি বলেন, ভুক্তভোগী মাকে থানায় ডেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. জাবেদ (১৭) স্থানীয় বাসিন্দা। কয়েক বছর আগে তার বাবার মৃত্যু হওয়ার পর পরিবারটি আর্থিক কষ্টে রয়েছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জাবেদ হাতে বটি নিয়ে মায়ের কাছে টাকা দাবি করেন। একপর্যায়ে তিনি ভয় দেখাতে দেখাতে মাকে মারধর শুরু করেন। এ সময় মা কান্নাজড়িত কণ্ঠে তাকে থামতে অনুরোধ জানান এবং টাকা দেওয়ার আশ্বাস দেন।
ভিডিওটি তার বোন মোবাইলে ধারণ করে পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। ঘটনাটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।





