টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে তিনি টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে সকাল ১০টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করার কথা থাকলেও তিনি সরাসরি ঢাকা থেকে টাঙ্গাইলে পৌঁছান। পরে কৃষি মেলা উদ্বোধনের পর মাজার জিয়ারত করার কথা রয়েছে তার।
জানা গেছে, কৃষকদের সহায়তা ও প্রণোদনা কার্যক্রম সহজ করতে সারাদেশে পরীক্ষামূলকভাবে (প্রি-পাইলটিং) ১০টি উপজেলার ১১টি ব্লকে মোট ৩৫ হাজার কৃষক কার্ড বিতরণ করা হবে। এর অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকে ১ হাজার ৪৫৩ জন কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন কৃষকের মাঝে কৃষক কার্ড তুলে দেবেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি প্রণোদনার অর্থ গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে সারাদেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।





