হালকা সংস্করণের ইমেইল অ্যাপ Outlook Lite বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে Microsoft। আগামী ২৬ মে থেকে অ্যাপটি আর কার্যকর থাকবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে ব্যবহারকারীদের মূল Microsoft Outlook অ্যাপে স্থানান্তরিত হতে বলা হয়েছে।
২০২২ সালে চালু হওয়া এই অ্যাপটি মূলত কম স্টোরেজ ও ধীরগতির ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছিল। উন্নয়নশীল দেশগুলোতে এটি ছিল সহজ ও কার্যকর একটি সমাধান।
তবে অ্যাপটি বন্ধ করার প্রক্রিয়া নতুন নয়। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, ২০২৫ সালের অক্টোবর থেকে এটি Google Play Store থেকে সরিয়ে নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় এবার বিদ্যমান ব্যবহারকারীদের জন্যও সেবা বন্ধ করা হচ্ছে।
মাইক্রোসফট জানিয়েছে, আউটলুক লাইট ব্যবহারকারীদের ইমেইল, ক্যালেন্ডার বা সংযুক্ত ফাইল হারাবে না। একই অ্যাকাউন্ট দিয়ে মূল আউটলুক অ্যাপে লগইন করলেই আগের সব তথ্য পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, উন্নত নিরাপত্তা ও সমৃদ্ধ ফিচারের জন্য মূল অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে প্লে স্টোরে নিয়ে গিয়ে নতুন অ্যাপ ডাউনলোডের নির্দেশনাও দেওয়া হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আলাদা হালকা সংস্করণ রাখার পরিবর্তে এখন কোম্পানিগুলো একক অ্যাপেই সব সুবিধা যুক্ত করার দিকে ঝুঁকছে। এতে রক্ষণাবেক্ষণ সহজ হয় এবং দ্রুত নিরাপত্তা আপডেট দেওয়া সম্ভব হয়।
তবে যেসব ব্যবহারকারী কম স্টোরেজ বা ধীরগতির ইন্টারনেটের কারণে আউটলুক লাইট ব্যবহার করতেন, তাদের এখন তুলনামূলক ভারী অ্যাপ ব্যবহারে অভ্যস্ত হতে হতে পারে।
এই সিদ্ধান্ত মাইক্রোসফটের অ্যাপ কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে একীভূত প্ল্যাটফর্মে আরও উন্নত ফিচার দেওয়ার দিকেই জোর দেওয়া হচ্ছে।





