নৌপরিবহন সচিব নূরুন্নাহার চৌধুরী পরিকল্পনা কমিশনে বদলি, জাকারিয়া নতুন দায়িত্বে

সরকারি প্রশাসনে রদবদলের অংশ হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী-কে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাকারিয়া-কে নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে পৃথক আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, গত বছরের ২ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থাকা অবস্থায় ড. নূরুন্নাহার চৌধুরী পদোন্নতি পেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

অন্যদিকে, গত ২৫ মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালনকালে জাকারিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদায়ন করা হয়। পরে তাকে পরিকল্পনা কমিশনে সংযুক্ত করা হয়েছিল।