দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আজ (সোমবার) আসন্ন মৌসুমের দলবদলের সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির অধীনস্থ ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমের খেলোয়াড় দলবদল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ১৯ এপ্রিল। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত সিসিডিএম কার্যালয়ে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এবারের আসরে অংশ নিচ্ছে দেশের শীর্ষ ১২টি ক্লাব-আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।
এর আগে বিসিবির সাবেক কমিটি নিয়ে অসন্তোষের জেরে ঢাকার বেশিরভাগ ক্লাব নির্বাচন বর্জন ও ঘরোয়া ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। ফলে অনিশ্চয়তায় পড়ে ঢাকা লিগসহ অন্যান্য প্রতিযোগিতা।
পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ ওই কমিটি বিলুপ্ত করে তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর স্থবির হয়ে থাকা ঘরোয়া ক্রিকেট কার্যক্রম ধীরে ধীরে সচল হতে শুরু করেছে।
দলবদল কার্যক্রমের মধ্য দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ আবারও প্রাণ ফিরে পাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।





